ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সন্তান জন্ম দিয়ে পৃথিবী ছাড়লেন সাফজয়ী ফুটবলার রাজিয়া

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় রাজিয়া খাতুন। সন্তান প্রসবের পর মৃত্যুবরণ করেছেন অনূর্ধ্ব-১৮ সাফ নারী জয়ী এই ফুটবলার।বৃহস্পতিবার ভোরে একটি পুত্র সন্তানের জন্ম দিয়ে মারা যান রাজিয়া। এর আগে, বুধবার রাত ১০টা ৩০ মিনিটে রাজিয়া সাতক্ষীরার কালীগঞ্জ থানার মৌতলা ইউনিয়নে নিজ বাড়িতে একটি পুত্র সন্তানের জন্ম দেন।


বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজিয়ার খালাতো ভাই মো. রোকোনুজ্জামান মোড়ল। তিনি বলেন, ‘সন্তার প্রসবের পর কিছু জটিলতা দেখা দেয় এবং ভোর ৪টার সময় মৃত্যুবরণ করেন রাজিয়া। পরে তাকে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন।


এ ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রাব্বানী ছোটন। তিনি বলেন, ‘আমি মাত্রই শুনলাম। খুব খারাপ লাগছে। রাজিয়া অত্যন্ত ভালো একজন মানুষ ছিল। খেলতোও দারুণ। আমি তার মৃত্যুতে শোক প্রকাশ করছি। আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক। তার পরিবারকে ধৈর্য্যধারণ করার তৌফিক দিক।’


রাজিয়ার বড় অর্জন ছিল ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়ন হওয়া। সেবার ভুটানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। সেই দলে ছিলেন রাজিয়া।


এছাড়া ২০১৭ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে খেলেছিলেন রাজিয়া।

ads
ads
ads

Our Facebook Page